রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর ১৪ নম্বর সেকশনের ট্রাফিক ব্যারাকের ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ট্রাফিক কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহত শ্যামল চন্দ্র রায় (৪৩) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। রবিবার সকাল পোনে ছয়টায় এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন ওই পুলিশ সদস্য। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
ট্রাফিক উত্তর বিভাগের এস আই জাহাঙ্গীর আলম জানান, ছয়তলা ভবনের চার তলায় ১১ নম্বর রুমে থাকতেন শ্যামল চন্দ্র রায়। রাতে সেহেরি খেয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পরে তাকে রুমে দেখা যায়নি। পৌনে ছয়টার দিকে দেখা যায় ভবনের নিচে বেজমেন্টের উপরে পড়ে আছেন। তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সকাল সাতটা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লালমনিরহাট জেলার সদর থানার সাতান গ্রামে নিহতের বাড়ি।